
যশোর প্রতিনিধি : যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দেয়া আইনজীবী নবকুমার কুন্ডুর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার নব কুমার কুন্ডুর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু। আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ। এছাড়া একই আদালত মামলার অপর দুই আসামি রবিউল ইসলাম রুবেল ও মিহির কুমার সাহার জামিন আবেদন মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি চরমপন্থি পরিচয়ে গত ৩০ জানুয়ারি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ডাকঘরের মাধ্যমে উড়োচিঠি পাঠিয়েছিলেন আইনজীবী নব কুমার কুন্ডু। সহায়তা করেন অভিযুক্ত রবিউল ইসলাম রুবেল ও মিহির কুমার সাহা। পরবর্তিতে ডিবির এসআই মফিজুল ইসলাম তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে তারা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন। দ্রুত বিচার আইনের এ মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে ওই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সর্বশেষ জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

