
সিরাজুল ইসলাম, শ্যামনগর: আজ একুশে মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ,প্রধান বিচারপতি ,জাতীয় সংসদের স্পিকার, সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান সংসদ সদস্যবৃন্দ ঈদের নামাজ আদায় করবেন।রমজানের একমাসব্যাপী আত্মসংযম, ইবাদত ও আধ্যাত্মিক সাধনার সমাপ্তি ঘোষণা করে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তাৎপর্য কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতায় আবদ্ধ নয়; এটি মুসলিম সমাজে এক গভীর সমষ্টিগত আনন্দের সংস্কৃতি সৃষ্টি করে। রমজান মাসে ব্যক্তি মানুষ রোজা রাখে, ইবাদত করে, আত্মশুদ্ধির চেষ্টা করে। কিন্তু ঈদের দিন সেই ব্যক্তিগত সাধনা এক সামাজিক আনন্দে রূপান্তরিত হয়। অর্থাৎ, ব্যক্তিগত ধর্মীয় অভিজ্ঞতা এক পর্যায়ে এসে সমাজের সম্মিলিত অনুভূতিতে পরিণত হয়।
এই সমষ্টিগত আনন্দের প্রথম প্রকাশ ঘটে ঈদের নামাজে। বিশাল ঈদগাহে বা মসজিদে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করে। সেখানে সামাজিক মর্যাদা, অর্থনৈতিক শ্রেণি বা পেশাগত ভিন্নতা তেমন গুরুত্ব পায় না। ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, শহর-গ্রামের মানুষ একই কাতারে দাঁড়ায়। এই দৃশ্যটি সামাজিক ঐক্যের এক প্রতীকী প্রকাশ। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এটি এমন এক মুহূর্ত, যখন ধর্মীয় আচার একটি সামষ্টিক আবেগের সৃষ্টি করে এবং মানুষের মধ্যে ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে।
ঈদের দিন মানুষ শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ থাকে না; বরং আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সাথে দেখা করা, তাদের বাড়িতে যাওয়া বা তাদেরকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর মতো কর্মকা-ের মাধ্যমে আনন্দটি একটি সামাজিক বিনিময়ে পরিণত হয়। ফলে ঈদ একটি ভাগাভাগি করা আনন্দের সংস্কৃতি গড়ে তোলে।
এই সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আবেগীয় সংহতি। রমজানের কষ্টসাধ্য রোজা শেষে মানুষ যখন ঈদের আনন্দে মিলিত হয়, তখন তাদের মধ্যে এক ধরনের অভিন্ন অভিজ্ঞতার অনুভূতি তৈরি হয়। তারা জানে যে সবাই একই রকম আত্মসংযমের মধ্য দিয়ে গেছে। এই অভিন্ন অভিজ্ঞতা সমাজে একটি আবেগীয় বন্ধন তৈরি করে, যা সামাজিক ঐক্যকে শক্তিশালী করে।
বাংলাদেশসহ বহু মুসলিম সমাজে ঈদের সময় গ্রামমুখী যাত্রা বা বাড়ি ফেরার সংস্কৃতিও এই সমষ্টিগত আনন্দের অংশ। শহরে কর্মরত মানুষরা ঈদের সময় নিজ গ্রামে ফিরে যায়, পরিবার ও শৈশবের স্মৃতির সাথে পুনরায় যুক্ত হয়। ফলে ঈদ একটি সাংস্কৃতিক পুনর্মিলনের সময়ে পরিণত হয়, যেখানে ব্যক্তিগত জীবনের বিচ্ছিন্নতা সাময়িকভাবে দূর হয়।
অতএব, ঈদুল ফিতর ধর্মীয় উৎসবের পাশাপাশি হয়ে উঠে এমন এক সামাজিক মুহূর্ত, যখন ব্যক্তিগত সাধনা ও সামাজিক আনন্দ একত্রিত হয়ে একটি সমষ্টিগত সংস্কৃতি সৃষ্টি করে। এই সংস্কৃতি মুসলিম সমাজে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সংযোগকে শক্তিশালী করে।
ঈদুল ফিতরের আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মাত্রা হলো এটি সামাজিক পুনর্মিলনের উৎসব। আধুনিক জীবনে মানুষ ক্রমশ ব্যস্ততা, পেশাগত চাপ এবং ভৌগোলিক দূরত্বের কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে যোগাযোগ অনেক সময় সীমিত হয়ে যায়। ঈদ এই বিচ্ছিন্নতার মাঝখানে একটি বিশেষ মুহূর্ত তৈরি করে, যখন মানুষ সচেতনভাবে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে।
ঈদের দিন মুসলমানদের মধ্যে কোলাকুলি করার যে রীতি রয়েছে, সেটি কেবল একটি আনুষ্ঠানিক সামাজিক আচরণ নয়; এটি মূলত পারস্পরিক ভালোবাসা ও পুনর্মিলনের প্রতীক। মানুষ একে অপরকে শুভেচ্ছা জানায়, অতীতের ভুল-বোঝাবুঝি বা মনোমালিন্য ভুলে নতুনভাবে সম্পর্ক শুরু করার চেষ্টা করে। ফলে ঈদ এক ধরনের সামাজিক পুনর্নবীকরণের উপলক্ষ হয়ে ওঠে।
পরিবারের ভেতরেও এই পুনর্মিলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় কর্মব্যস্ততা বা দূরত্বের কারণে পরিবারের সদস্যরা দীর্ঘদিন একসাথে সময় কাটাতে পারে না। ঈদের সময় সবাই একত্রিত হয়, একসাথে খাবার খায়, গল্প করে এবং পারিবারিক বন্ধনকে নতুনভাবে শক্তিশালী করে। এই পারিবারিক মিলন সমাজের বৃহত্তর কাঠামোকেও স্থিতিশীল করে, কারণ পরিবারই সমাজের মৌলিক একক।
গ্রামবাংলায় ঈদের সময় ঈদমেলা, সামাজিক আড্ডা বা পারস্পরিক দাওয়াতের সংস্কৃতি দেখা যায়। তা সামাজিক পুনর্মিলনের একটি বিস্তৃত রূপ। গ্রামের যে মানুষগুলো বছরের বেশিরভাগ সময় বিভিন্ন স্থানে কাজ করে, তারা ঈদের সময় নিজ এলাকায় ফিরে আসে। ফলে পুরো সমাজ একটি সামষ্টিক মিলনের অভিজ্ঞতা লাভ করে।সবাইকে ঈদ মোবারক । আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে— সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই । এই খুশির ঈদের দিন ছোট বেলায় স্মৃতি গুলো— বেশ মনে পরে । তখন আমাদের শিশু পাঠ্য বইতে একটা গল্প পড়তাম খুব—আজ ঈদ ! মদিনার ঘরে ঘরে আনন্দ! ঈদের নতুন জামা গায়ে, ছোট ছোট ছেলেমেয়েরা সে কি আনন্দ— সবার মাঝে ! ঈদগাহ মাঠে নামাজ পড়ে, একে অন্যের সাথে কোলাকুলি করছেন । আজ ধনী গরিবের মধ্যে কোন পার্থক্য নাই ! এই ঈদের দিনে সেই—গল্পটি খুব মনে পরছে!
আর একটা কথা বেশ মনে পরে— শাওয়াল চাঁদ দেখার পর পর বিটিভিতে,কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী— সেই অসাধারন ভালো লাগার গানটি প্রচার করা, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে/ শোন আসমানী তাগিদ’ আর আমরা তখন বন্ধুরা মিলে ছুটতাম আনন্দ করতে। চন্দন বা লিপ্টনের গাড়ীতে বা কখনো রিকশাতে করে যেতাম এলিফ্যান্ট রোড সহ নানা জায়গায়, বেড়াতাম আর টুকটাক জিনিসপত্র কিনতাম ।
আজ আমাদের এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম বাপ-বেটা মিলে । ইমাম সাহেবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। একটা কথা আমার খুব ভালো লাগলো, শুধু পোষাক-পরিচ্ছদের সৌন্দর্য না—এক জন মুসলমানের ‘ঈমানের সৌন্দর্য’ অনেক বেশি— গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের এই বর্তমান সমাজে—এই ‘ইমানী সৌন্দর্যের’ বড় অভাব দেখা দিয়েছে! দৈনন্দিন জীবনে এর অনুশীলন অপরিহার্য হয়ে পড়েছে ।
ঈদের দিনটি সবার জীবনে আনন্দময় হয়ে উঠুক—ভালো কাটুক । সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা ।
ঈদ মোবারক ।