
জন্মভূমি ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পরও জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ করার বিরুদ্ধে এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘অপেক্ষা করুন, আদালতের হাত অনেক লম্বা। চিন্তা-ভাবনা করেই এ বিষয়ে আদেশ দেব।’
বৃহস্পতিবার শুনানিকালে তিনি এসব কথা বলেন। এছাড়া জামায়াতের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিতে বারবার সময় নেওয়ায় উষ্মা প্রকাশও করেন প্রধান বিচারপতি।
শুনানিকালে জামায়াতের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিনের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, কেন বারবার সময় নিচ্ছেন? সময় নিয়ে কোর্টে আসেন না কেন? এখানে সময় নেবেন আর অন্য কোর্টে মামলা করবেন তা হতে পারে না। আমরা সবই সিসি ক্যামেরায় দেখতে পাই। আমরা শেষবারের মতো সময় দিচ্ছি। এটা মনে রাখবেন, আদালতের হাত অনেক লম্বা।
এরপর আগামী ৬ নভেম্বর এই মামলা শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।
এর আগে ব্যারিস্টার তানিয়া আমীর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞার আবেদন করে বলেন, আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে। সেই রায় বহাল আছে। কিন্তু রায় বহাল থাকার পরও জামায়াত সভা-সমাবেশ করে যাচ্ছে, যা সুপ্রিমকোর্টের রায়ের লঙ্ঘন। এ জন্য শুনানি না হওয়া পর্যন্ত সভা-সমাবেশ যাতে না করতে পারে সেজন্য নিষেধাজ্ঞা চাচ্ছি। এ সময় তিনি পত্রিকার কিছু ছবি ও প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে প্রধান বিচারপতি বলেন, আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করে আদেশ দেব।

