
জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পেশোয়ার রোডে একটি ভবনের দেয়াল ধসে অন্তত ১১জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তীব্র বৃষ্টিপাতের কারণে এ প্রাচীর ধসের ঘটনা সংঘটিত হয়।
ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে এবং এটা ওই শহরগুলোর বাসিন্দাদের জন্য চরম বিপদ ডেকে আনছে।
শিল্পাঞ্চল আই-৯-এর পুলিশ সুপার (এসপি) খান জেব জানিয়েছেন, যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এর নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দারের মুখপাত্র ডা. মুবাশির দাহা জানিয়েছেন, নিহতরা শ্রমিক বলে জানা গেছে। তাদের লাশ হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়েছে।
ডা. দাহা বলেন, আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।
এসপি খান জেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে এমন আরও লোককে উদ্ধার করতে অভিযান চলছে।