
জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক তৃতীয়বারের মত বিপুল ভোটের ব্যবধানে নগর পিতা নির্বাচিত হলেন। ২৮৯টি কেন্দ্রের ফলাফলে তিনি ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ৬০ হাজার ৬৪ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির মো: শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে ১৮ হাজার ৭৪, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান ঘড়ি প্রতীকে ১৭ হাজার ২১৮ এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট। সোমবার বিকেলে খুলনা শিল্পকলা একাডেমিতে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
কেসিসিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এক কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভোট দিয়েছেন ৩৩০ জন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোট কেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।