
জন্মভূমি ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে এই মুহূর্তে ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। সুতরাং আশা করি, কোন ধরনের দুর্যোগ আমাদেরকে কাবু করতে পারবে না। কিন্তু, যদি দীর্ঘকালীন কোনো সমস্যা হয়, বিশেষ করে রাজনৈতিক বা অভ্যন্তরীণ কোনো ধরনের সহিংসতা হলে খাদ্য ব্যবস্থা ভেঙে যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার রাইট টু ফুড বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এমএ মান্নান বলেন, দেশের কোটি কোটি কৃষক, যারা অনেক পরিশ্রম করে চাল, ডাল, মাছ, মাংস, সবজি অর্থাৎ খাদ্য উৎপাদন করে তাদের পরিশ্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদূরপ্রসারী নীতিমালা প্রয়োগের ফলে আমরা আজ একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি।
মন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের কারণে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, এখন আমাদের নানা ধরনের উপকরণ বেড়েছে, সার বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা চমৎকারভাবে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় গড়ে তুলেছি। আমরা আজ কীটনাশক সাবধানেই ব্যবহার করছি। কেমিক্যাল সারের পরিবর্তে আমরা জৈব সারের দিকে যাচ্ছি। সকল কিছু মিলেই আমাদের খাদ্য ব্যবস্থাপনা ও সরবরাহে অনেকদূর আমরা এগিয়েছি। কয়েকশ বছরের মধ্যে খাদ্য ব্যবস্থাপনায় আজ আমরা ভালো অবস্থানে আছি। কারণ, আমরা খাদ্য নিশ্চিতে কাজ করছি।