
বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য প্রফেসর ড. সাদেকা হালিম।
ইউজিসি সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বদলে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়নের প্রশংসা করেন এবং তাঁর গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনাকে সাধুবাদ জানান। এ দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্কোন্নয়নে এমওইউ স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্যও তাঁর আগ্রহকে স্বাগত জানান।
পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা উপহার দেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।
সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

