
খুলনা (০৩ এপ্রিল)
প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় প্রাইভেটকারটি শনাক্ত করে জব্দ করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক রয়েছে।
আজ শুক্রবার দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেট কারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তার পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দোষীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা দায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।