
খুলনা (০৮ ফেব্রুয়ারি)
খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম বলেনি পুলিশ।
আহত যুবক মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সৈয়দ নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ।
রাত ১ টার দিকে ব্যবসায়ীক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেল যোগে আসা দুই যুবক গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলি গুলো তার পিঠে, কাধে এবং কানে বিদ্ধ হয়।
গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানে তার অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত ব্যক্তি একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। তার বিরুদ্ধে থানায় মারামারিসহ ৫ টি মামলা রয়েছে। এজাক্স জুট মিলের সিকিউরিটি গার্ড ব্যাবস্থাপনা নিয়ে একটি পক্ষের সাথে তার বিরোধ রয়েছে। যা নিয়ে মামলা পর্যন্ত গড়ায়।
তিনি বলেন, ঘটনার তদন্ত কার্যক্রম কয়েকটি দিক নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। সৈয়দ আলম নবীর ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তিনি তাদের নাম বলেনি।

