
ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আপন দুই ভাইকে আটক করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্র জানায়, মাদক চোরাচালান করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় দোলা পরিবহন-এর একটি বাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহন-এর একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

