
জন্মভূমি ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে জারি করা পরোয়ানার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উক্ত বিষয়ে প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে বলেন আদালত। ওই সময়ে একটি হত্যার ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
জুলাই আগষ্ট গণহত্যার অভিযোগে এ পর্যন্ত ১০৭ জনের বিরুদ্ধেগ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিপরীতে মাত্র ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এ’ঘটনায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, কেউ দায়িত্ব পালন না করলে সরকারকে জানাতে বলেন।
এর আগে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে হাজির করা হলে তাদের বিষয় এবং নতুন গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের উপর আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, অভিযোগ দাখিল করার পর মন্তব্য করবেন।

