
খুলনা (২৯ মার্চ)
খুলনায় ট্রেনের ধাক্কায় খুলনায় প্রাইভেট কারের চারজন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকালে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অপর দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত। এদের দু’জনের বাড়ি শিরোমনি এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫ টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেট অনুশীলন শেষে ওই ৪ জন যুবক একটি প্রইভেট কারে উঠে বাড়িতে ফিরছিল। কারটি রেল ক্রসিংয় দ্রুত পার হওয়ার চেষ্টা করে। এসময়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। কিন্তু গাড়ির কাঁচ কালো হওয়ায় তারা ট্রেন আসার বিষয়টি আঁচ করতে পারেনি। তখন চলন্ত ট্রেনটি তাদের বহনকারী প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে ছিটকে পড়ে।
খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান বলেন, ট্রেনের ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গাড়িতে কালো গ্লাস থাকার কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।