
৩ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন
ঝুঁকিতে আরও ৭ পরিবার
তেরখাদা প্রতিনিধি : তেরখাদার মধুপুরে আতাই নদীতে ভাঙন, ৩ পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন, ঝুঁকির মধ্যে রয়েছে আরও ৭টি পরিবার। পরিবারের ১৩জন মানুষ বেঁেচ গেলেন মাঝিদের কারণে। ঘরবাড়ি হারানো পরিবারের লোকজন এখন পরের বাড়িতে আশ্রয় নিয়েছে। নদী তীরবর্তী আরও ৭টি পরিবারের ঘড়বাড়ি রয়েছে ঝুঁকির মধ্যে। আজ-কালের মধ্যে নদী গর্ভে বিলীন হতে পারে ওই সব পরিবারের ঘরবাড়ি। এদিকে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি প্রতিনিধি পাঠিয়ে ওই পরিবারের জন্য শাড়ী-লুঙ্গি ও খাবার পাঠিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিনগত রাত আনুমানিক ১০টার দিকে আকষ্মিক আতাই নদীর ভাঙন শুরু হয়। নদী ভাঙ্গনে নদী তীরবর্তী মধুপুর গ্রামে বসবাসকারী বদির মোল্যা, মিজানুর রহমান মোল্যা ও রবিউল ইসলাম মোল্যার বাড়িতে ভাঙন শুরু হয়। নদীতে মাছ ধরা নৌকার লোকজন দ্রুত এসে ঘুমন্ত বদির মোল্যাদের উঠে যাওয়ার জন্য চিৎকার দেয়। তাদের চিৎকারে বদির মোল্যারা পরিবার-পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় ৩ পরিবারের ৬টি ঘর এবং বাড়ির জায়গা। অল্পের জন্যে প্রাণে বেঁেচ যায় ওই তিন পরিবারের সদস্যরা। এদিকে নদী তীরবর্তী ঈষারত মোল্যা, বিলায়েত মোল্যা, মিলন শেখ, আব্দুল্যাহ শেখ, মান্নান শেখ, রাজুল শেখ, ছলেমান শেখসহ কয়েকটি পরিবারের সদস্যরা এখন চরম আতংকে রয়েছে। যে কোনো মুহূর্তে এসব ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হতে পারে এমন আশংকা করছেন ভুক্তভোগীরা। প্রতি বছর আতাই নদীর ভাঙ্গনে কিছু না কিছু ক্ষতি সাধিত হয়।
এ ব্যাপারে খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেন, নদী ভাঙ্গনের সংবাদ শুনে তিনি পানি উন্নয়ন বোর্ডে কথা বলেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য শাড়ী, লুঙ্গী, থ্রিপিস, চাল, ডাল, তেলসহ সকল প্রকার মালামাল ও খাবার পাঠিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনবার্সনের ব্যবস্থা নেয়া হবে। নদী ভাঙন এলাকায় বাড়িঘর রক্ষাকল্পে জিও ব্যাগ ফেলানো হবে। নদী ভাঙ্গনের খবর শুনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ত্রাণ সহায়তা প্রদান করেন। এছাড়াও মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ নদী ভাঙন এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।