
নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় মোঃ মনিরুজ্জামানের বাড়ি ঘর জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরূদ্ধে। শনিবার নড়াইল পৌরসভার দুর্গাপুরের মনিরুজ্জামান অভিযোগ করে বলেন তার প্রতিবেশি মিজানুর মোল্যা ও তার ছেলে রনি মোল্যা দীর্ঘদিন যাবত তাকে নানা ভাবে উত্যক্ত করে আসছে। বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। বাড়ি ঘর দখল করার চেষ্টা করে। এরই ধারবাহিকতায় তারা গত ১৪ জুন তার বাড়ি ঘর দখল চেষ্টার অভিযোগ করে। তার বাড়িতে ঘরের মধ্যে ভাড়াটিয়ারা থাকা অবস্থায় বাহির থেকে ঘরে তালা দিয়ে অশ্লিল গালি ও হুমকি দিয়ে ভাড়াটিয়াদের তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মনিরুজ্জামান নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেনতার প্রতিবেশি দুর্গাপুর গ্রামের মিজানুর রহমান মোল্যা (৫৭), রনি মোল্যা (৩০), রনির স্ত্রী খাদিজা তাহিরা (২৬) সহ অজ্ঞাত ৫/৬ জন। মনিরুজ্জামানের দেয়া লিখিত অভিযোগে আরোও জানা যায়, উল্লেখিত আসামীরা দীর্ঘদিন ধরে তার বাড়ি ঘর দখলের অপচেষ্টা করে আসছে। ঘটনার দিন গত ১৪ জুন তারা সাথে কিছু লোকজন নিয়ে অতর্কিতে মনিরুজ্জামানের বাড়িতে গিয়ে চড়াও হয়। লাঠি ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দিয়ে ভাড়াটিয়াদের তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ঘরে ভাড়াটিয়ারা থাকা অবস্থায় বাহির থেকে তারা তালা দিয়ে দেয়। এসব করতে নিষেধ করলে তারা মনিরুজ্জামানের দিকে মারমুখি হয়ে এগিয়ে যায়। মনিরুজ্জমান দৌড়ে আত্নরক্ষা করেন। মনিরুজ্জামানের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে রনি মোল্যা জানান, তার স্ত্রী খাদিজা তাহেরা মনিরুজ্জামানের চাচার পালিত কন্যা। ওই বাড়িতে তার স্ত্রী’র জমি রয়েছে। সেই জমি উদ্ধারের জন্য তারা গিয়েছিলেন। নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।