
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল-২ (লোহাগড়া ও নড়াইল সদর উপজেলার একাংশ) আসনের নির্বাচনী মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে। ততই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। ভোটারদের মন জয় করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
এই আসনে কলস, ধানের শীষ, দাঁড়িপাল্লা সহ বিভিন্ন প্রতীকের প্রার্থীরা জোরেশোরে প্রচার- প্রচারণা চালাচ্ছেন। একদিকে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে গণভোটের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। ফলে চায়ের দোকান, হাট-বাজার ও গ্রামগঞ্জের আড্ডায় এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে নির্বাচন ও ভোটের হিসাব-নিকাশ।
চলতি নির্বাচনে পোস্টার না থাকায় প্রর্থীরা প্রচারণায় ব্যবহার করছেন ভিন্ন কৌশল। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন তারা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালানো, নানা প্রতিশ্রুতি দেয়া, উঠান বৈঠক, পথসভা, জনসভা, পরামর্শ সভা ও মাইকিংয়ের মাধ্যমে ভোট চাইছেন প্রার্থীরা।
প্রতিদিন স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) মো. মনিরুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা) আতাউর রহমান বাচ্চু নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
এ ছাড়াও নড়াইল-২ আসনে আরও ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন লাঙ্গল প্রতীকের এ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, হাতপাখা প্রতীকের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ট্রাক প্রতীকের মো. নুর ইসলাম, ছড়ি প্রতীকের মো. শোয়েব আলী এবং জাহাজ প্রতীকের ফরিদা ইয়াসমিন। তারাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে প্রচারণা চালাচ্ছেন।
তবে মুল প্রতিদ্বন্দ্বিতায় আছেন কলস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতিকের আতাউর রহমান বাচ্চু , ধানের শীষ প্রতিকের এ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ। সাধারণ ভোটারদের ভাষ্যমতে, স্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকে যে ভোট পাবেন,অপর দু’জন প্রতিদ্বন্দ্বি মিলে তার অর্ধেক ভোট পাওয়া কঠিন হয়ে পড়বে, এমনভাবে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলামের প্রতি ঝুঁকে পড়েছেন সাধারণ ভোটাররা।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনটি মোট ২টি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং নড়াইল সদর উপজেলার একাংশে রয়েছে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৭টি। এর মধ্যে লোহাগড়ায় ৮৮টি এবং নড়াইল সদর আংশিকে ৫৯টি ভোটকেন্দ্র রয়েছে। নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৪৫ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।

