
খুবি প্রতিনিধি: জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। আজ মঙ্গলবার দুপুর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের শহিদ মীর মুগ্ধ তোরণের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, উপ-পরিচালক (অ.হি.) জাবেদ এলাহী, উপ-পরিচালক (জ.প্র.) গাজী আলাউদ্দিন আহমদ, সহকারী পরিচালক (অ.হি.) বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান, কর্মচারী সমিতির সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন ও আবু সালেহ শিকদার। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখা প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই বহাল রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

