
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী। সেসবের মধ্যে একটি হলো ‘সুইসাইড স্কোয়াড’।
আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি আজ শুক্রবার একটি সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করেছে এবং আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, “এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সেনারা এক্সপ্লোসিভ ভেস্ট এবং গাড়ি বোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত।”
গতকাল বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা। রাত ১২ টার দিকে আফগানিস্তানে ফিরে যায় তারা।
অতর্কিত এই হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এবং রাত ৩ টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। পাকিস্তানের এ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৩৩ জন আফগান সেনা এবং আহত হয়েছেন আরও দুই শতাধিক।