
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজ দল।
পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা লঙ্কানরা নিজেদের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে হজম করেছে ৩০২ রানের বিশাল এক পরাজয়। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর বল হাতে দলকে প্রথম ওভারেই শরিফুলের আঘাতে দুর্দান্ত সূচনা পেয়েছে টাইগাররা।
বাংলাদেশের হয়ে বল হাতে আজ ইনিংসের সূচনা করেন পেসার শরিফুল ইসলাম। টাইগার এ পেসারের করা ওভারের তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন কুশল পেরেরা। তবে এরপর আর সুযোগ পাননি লঙ্কান এই ওপেনার। ওভারের পঞ্চম বলেই উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান।

