
শেখ আরাফাত, আশাশুনি : আশাশুনিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার, ভ্যান, ছাগল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক রুহুল হক এমপি বলেন, শেখ হাসিনার অধিনেই এদেশে জাতীয় নির্বাচন হবে। বিএনপিসহ তাদের সহযোগিতার নির্বাচনে এলেও হবে, না এলেও হবে। দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে নির্বাচন পণ্ড করার যে দিবাস্বপ্ন আপনারা দেখছেন আপনাদের সে স্বপ্ন বাংলার মানুষ কোনদিনও পূরণ হতে দেবে না। বিজ্ঞ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও দেশ পরিচালনার দূরদর্শীতার কারনেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। ষড়যন্ত্রকারী অপশক্তির ইন্ধনেই সরকারকে বিপদে ফেলতে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। এব্যাপারে তিনি দলীয় নেতাকর্মীসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভূজিত মণ্ডল ও শ্রমিক নেতা ঢালী মো. সামছুল আলমের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার, ভ্যান, ছাগল বিতরণ ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শেখ মিরাজ আলী, দীপংকর বাছাড় দীপু, দিপংকর সরকার দীপ, ওমর সাকি পলাশ, স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, স ম সেলিম রেজা সেলিমসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তিনি ২২ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ২২ হতদরিদ্রকে মাঝে পা চালিত ভ্যান ও ৮০ জন গৃহিনীর মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ করেন ও তাদরে সাথে কথা বলে খোঁজখবর নেন।