
মনিরামপুর প্রতিনিধি : মৃত্যুর ২৩ দিন পর গতকাল শুক্রবার দেশে আনা হয় মালয়েশিয়া প্রবাসী শাহানুর রহমানের মরদেহ। শাহানুর রহমান (২২) যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমানের ছোট ছেলে। শুক্রবার সকালে জানাজা শেষে হানুয়ার গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। শাহানুরের পিতা মালয়েশিয়া প্রবাসী। শাহানুরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করে আসছেন। দুই সন্তানের মধ্যে শাহানুর রহমান (২২) ছোট। শাহানুরের আবদার মেটাতে পিতা তাকে প্রায় একবছর আগে মালয়েশিয়ায় নিয়ে যান। পেনাং শহরে পিতার সাথেই থাকতেন শাহানুর। পিতা-ছেলে একটি কারখানায় রাজমিস্ত্রীর কাজ করতেন। গত ২২ নভেম্বর শাহানুর রহমান কাজ করার সময় উচু ভবন থেকে পড়ে গিয়ে নিহত হয়। পিতা সিদ্দিকুর রহমান বর্তমান মালয়েশিয়ায় অবস্থান করছেন। মালয়েশিয়া থেকে শাহানুরের মরদেহ দেশে আনা হয় শুক্রবার সকালে। সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

