
যশোর অফিস : যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, হতাশ হবার কিছু নেই। আমাদের সাথে রাষ্ট্রযন্ত্র কিংবা অস্ত্র গুলি না থাকলেও জনগণের শক্তি আছে। জনগণের শক্তি নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে আছি। চূড়ান্ত বিজয় নিশ্চিত করেই আমরা লড়াইয়ের ময়দান থেকে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
বুধবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। যে কারণে জনগণ বিএনপির ডাকে বরাবরই আওয়ামী লীগের সাজানো পাতানো প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে আসছে। জনগণ ২০১৪ সালের মত এবারও বিএনপির ডাকে আওয়ামী লীগের ডামি নির্বাচন ঘৃণভরে প্রত্যাখ্যা করেছে। এটিই হচ্ছে বিএনপির আন্দোলনের বড় স্বার্থকতা।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, রবিউল ইসলাম, মোস্তফা আমির ফয়সাল, নির্মল কুমার বিট, রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ।