
যানজটের কারণে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় পুলিশ সময়মতো পৌঁছাতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনার সামনে মিছিল নিয়ে আসা সরকারি কর্মচারীদের ওপর তিনি নিজে কেন লাঠিচার্জে নেতৃত্ব দিয়েছেন– এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনা ঘটে গভীর রাত ১১টার দিকে। ওই সময় রাজধানীতে তীব্র ট্রাফিক জ্যাম থাকায় অফিসারদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো সম্ভব হয়নি।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, জনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ রাখাই পুলিশের প্রধান দায়িত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠপর্যায়ে গিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়।

