
জন্মভূমি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দোয়া মাহফিলের মতো শান্তিপূর্ণ অনুষ্ঠানে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ফের প্রমাণিত, যে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। এজন্যই তারা দলীয় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের ওপর ভর করেছে। ক্ষমতা ধরে রাখতে এ ধরনের হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন কখনোই বন্ধ করতে পারবে না তারা।
শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খাকে পদদলিত করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এদের কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। বিশ্ব জানে এই সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আশা করা যায় না। তাই এদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে চূড়ান্ত লক্ষ্য তা বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অধিকার ও ভোটাধিকারের জন্য একটা সুষ্ঠু নির্বাচন চাই।’