
বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রসারে অনন্য ভূমিকা রাখা সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের দর্শন ও শিল্পচর্চা শত শত বছর ধরে হাতে হাত রেখে চলেছে। আমাদের এই ভূখণ্ডের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনার বোধের পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ করেছে গান রচনার মধ্য দিয়ে। এই দেশের চিন্তার ঐতিহ্য তাই কোনো দর্শনের বইয়ে না খুঁজে খুঁজতে হয় আমাদের গানে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আজ ঘুম ভাঙার পরই পাওয়া এই শোকসংবাদ আমাকে ব্যক্তিগতভাবে বেদনার্ত করেছে। সামষ্টিকভাবে এটি আমাদের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি।
আমি তার আত্মার শান্তি কামনা করি।’

