
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চাঁদখালী ইউনিয়নে দাঁড়িপাল্লার জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদখালী ইউনিয়ন আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উপকূলীয় ও অবহেলিত জনপদগুলো দীর্ঘদিন ধরে পরিকল্পিত অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ঘাটতির কারণে এখানকার মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানীয় জল সরবরাহ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার বাস্তব পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবসা নয় বরং ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতি বন্ধ হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চাঁদখালী ইউনিয়নের নায়েবে আমীর মাও. আজগার হুসাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আরজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, ইউনিট সদস্য প্রভাষক আব্দুল মমিন শানা, জেলা দক্ষিণ সভাপতি আবু জার আল গিফারী, উপজেলা আমীর মাও. সাইদুর রহমান, নায়েবে আমীর মাও. বুলবুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডা. সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, পাইকগাছা পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, চাঁদখালী ইউনিয়ন আমীর মাও. রবিউল ইসলাম, সেক্রেটারি মাও. খয়বার হোসাইন, লস্কর ইউনিয়ন সেক্রেটারি মাও. শামসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। টেকসই উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় আনা সময়ের দাবি। বক্তারা আসন্ন নির্বাচনে জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

