দুই দশকেরও বেশি সময় ধর বড় পর্দায় অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু। সম্প্রতি অভিনয় অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি তার। বৃহস্পতিবার একপোস্টে তাঁর দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ভক্তদের সস্তা তর্কে না জাড়ানোর জন্য সতর্ক করেছেন।
অপু বলেন, ‘দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চিনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’
তিনি যোগ করেন, ‘আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাঁদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।’
ভক্তদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, ‘মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।’
অপু আরও বলেন, ‘আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা। আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য।
ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত