জন্মভূমি ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা বর্ষা। ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়েই সিনেমার দুনিয়ায় যার যাত্রা শুরু। এরপর একে একে দর্শককে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। সাধারণত পর্দায় তার জুটি হিসেবে থাকেন অনন্ত জলিল। এরইমধ্যে ভারতেরই মুম্বাইয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় এই নায়িকা। ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে গত ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দেওয়া হয়। এ বছর বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে অভিনয় জগতে তার সফলতার জন্য নির্বাচিত করা হয়েছে।
১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। একই অনুষ্ঠানে রাখীকেও সম্মাননা দেওয়া হয়েছে। এমন প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, দেশের মধ্যে এর আগে একজন নায়িকা হিসেবে বেশ কয়েকবার সম্মাননায় ভূষিত হয়েছি। কিন্তু এবারই প্রথম আমার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ। এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজখবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। অনুষ্ঠান শেষে এরইমধ্যে বর্ষা দেশে ফিরেছেন। এদিক বর্ষা অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা গত রোজার ঈদে মুক্তি পায়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত