বেনাপোল প্রতিনিধি : দেশে কাঁচা মরিচের আমদানি বাড়লেও বাজার এখনো উত্তপ্ত। বেনাপোলসহ যশোরের বাজারে আগে ৭০০-৮০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হলেও আমদানির খবরে ৩৫০ টাকায় নেমে আসে। কিন্তু দুদিন না যেতেই আবার ৫০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
বেনাপোল কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘আড়তদের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ কিনছেন না। আগের কেনা কাঁচা মরিচই ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন। আমরা তাদের কাছ থেকে যে দামে কিনে আনি, তার থেকে ২-৩ টাকা লাভে বাজারে বিক্রি করি।’
তবে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল বলেন, নির্বাচনসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকায় বাজার মনিটরিং করা হচ্ছে না। তবে দু-একদিনের মধ্যে বাজারে অভিযান চালানো হবে। ভারত থেকে আমদানি বেড়ে গেলে কাঁচা মরিচের দাম অনেকটা কমে যাবে।
এদিকে সবশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি ট্রাকে ৪১ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে রোববার ৪৫ টন, সোমবার ৪৫ টন ও গত মঙ্গলবার ৩৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়। বেনাপোল, ঢাকা ও খুলনার আমদানিকারক প্রতিষ্ঠানরা এসব কাঁচা মরিচ আমদানি করেছেন। কাঁচা মরিচের চালানগুলো দেশের বিভিন্ন জেলা শহরে চলে যাচ্ছে।
এ বন্দর দিয়ে বেনাপোলের মেসার্স ঊষা ট্রেডিং, ঢাকার এন এস এন্টারপ্রাইজ ও খুলনার এস এম করপোরেশনসহ আরও কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে।
বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে এখন পর্যন্ত দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ। শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমদানির অনুমতি দেওয়ার পর থেকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন বন্দর দিয়ে দেশে এসেছে ৫২৮.৫৮ মেট্রিক টন কাঁচা মরিচ। এর মধ্যে শুধু গত বৃহস্পতিবারই দেশে এসেছে ৫৪ মেট্রিক টন।
তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত ১৪৮টি আইপির বিপরীতে ৫১ হাজার ৩৮০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৯ লাখ ৬২ হাজার ৪৭৩ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৫৭ হাজার ১৩ মেট্রিক টন। ৭৮ হাজার ৯০০ টন টমেটো আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩৩০ মেট্রিক টন টমেটো।
এর আগে, দেশের ঘাটতি ও কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল আমদানি। তবে ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) থেকে আবারও দেশে আসছে আমদানি করা কাঁচা মরিচ।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আব্দুল জলিল বলেন, সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছি। গত চার দিনে এ বন্দর দিয়ে ১৬৪ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত