
ক্রীড়া প্রতিবেদক : প্রত্যাশিত জয় দিয়ে ফিফা নবম নারী বিশ্বকাপে মিশন শুরু করেছে দুই যৌথ আয়োজক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার আসরের প্রথম দিনে দুটি দলই জয় পেয়েছে এক গোলের ব্যবধানে। দুপুরে ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। স্ট্রাইকার হান্না উইলকিনসনের লক্ষ্যভেদে নিউজিল্যান্ড ১-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়েকে। এরপর বিকেলে ‘বি’ গ্রুপের ম্যাচে একই ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লেফটব্যাক স্টেফানে ক্যাটলে।
প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলছে নিউজিল্যান্ড। এই সুযোগে ইতিহাস গড়েছে তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের বিরুদ্ধে অঘটনের জন্ম দিয়ে মেয়েদের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের উল্লাসে ভেসেছে তাসমান সাগর পাড়ের দেশটি। ১৯৯১ থেকে মেয়েদের বিশ্বকাপে পাঁচ আসরে ১৫ ম্যাচ খেলে কোনো জয় ছিল না নিউজিল্যান্ডের। ১২টিতে হেরেছিল আর ড্র করেছিল ৩টি ম্যাচ। অবশেষে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এসে কাক্সিক্ষত জয়ের স্বাদ পেয়েছে তারা। আর ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের শুরুটা হয়েছে হতাশায় মোড়ানো। বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে রক্তক্ষয়ী এক ঘটনার সাক্ষী হয় অকল্যান্ড। নরওয়ের টিম হোটেলের কাছাকাছি এক বন্দুকধারীর গুলিতে নিহত হন দুইজন। গোলাগুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়। আহত হন আরও ছয় জন। তাদের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিশ্বকাপের দুই আয়োজক দেশের একটি নিউজিল্যান্ডে তেমন টিকিট বিক্রি হচ্ছিল না দেখে কিছুদিন আগে দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট বিনামূল্যে দেয়ার কথা জানায় ফিফা। যার ফল মিলেছে প্রথম দিনেই। ইডেন পার্কে উদ্বোধনী ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন ৪২ হাজার ১৩৭ জন। নিউজিল্যান্ডে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড এটি। ইতিহাস গড়া জয়ে উপলক্ষটা রাঙিয়ে রেখেছে স্বাগতিকরা। আরেক আয়োজক দেশ অস্ট্রেলিয়াতেও হয়েছে রেকর্ড দর্শক উপস্থিতি। সিডনি অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করেন ৭৫ হাজার ৭৮৪ জন দর্শক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশ্য জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচের ৫২ মিনিটে স্টেফানে ক্যাটলে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন।