
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনি, গোয়েন্দামন্ত্রী ইসমায়েলি খাতিব, প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ-সহ মোট ৪০ জন মন্ত্রী ও সরকারি কর্মকর্তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড।
এই ৪০ জনের তালিকায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কয়েক জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও আছেন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্স গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ইরানের সাম্প্রতিক আন্দোলন দমনে কঠোর ভূমিকায় থাকার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার আওতা আরও বাড়তে পারে।
“শান্তিপূর্ণ আন্দোলন, মতামত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য জানার অধিকার ইরানের জনগণের আছে; কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে সেই অধিকারগুলো নির্মমভাবে লঙন করা হয়েছে,” বিবৃতিতে বলেছেন উইন্সটন পিটার্স।
নিষ্ঠুর উপায়ে আন্দোলন দমনের জেরে সম্প্রতি ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবারের বিবৃতিতে পিটার্স জানিয়েছেন, এই জোটে যোগ দিয়েছে নিউজিল্যান্ডও।