
কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় একটি মাদরাসায় অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপককে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে অধ্যাপক নজরুল ইসলাম বাদী হয়ে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে কয়রা থানায় এ মামলা করেছেন।
মামলায় এখন পর্যন্ত কামরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। কামরুল ইসলাম কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।
কয়রা থানার ওসি এবিএমএস দোহা বলেন, মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গত, খুলনার কয়রা উপজেলার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের উপর হামলা চালিয়েছেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদ। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১০টায় মুমূর্ষ অবস্থায় তাকে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।