
খুলনা (০৯ এপ্রিল)
খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ-পুলিশ টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০)-এর মরদেহ নদীর তীরে ভেসে ওঠে। অপর জেলে মুকেন্দ মণ্ডল (৪২)-এর মরদেহ একই নদীর ত্রিমোহনায় ভেসে ওঠে। স্থানীয়দের সহযোগিতায় ভিন্ন ভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।