
জন্মভূমি রিপোর্ট : মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তালুকদার আব্দুল খালেক যমুনা রোড থেকে শুরু করে নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। বিকাল ৪টায় ১১ নম্বর ওয়ার্ড অফিসের পাশে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময়, বিকাল ৫টায় নগরীর চিত্রালী সিনেমা হলের সামনে থেকে শুরু করে ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি আগামী ১২জুন নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু সকালে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে নগরীর শিববাড়ী মোড়, কেডিএ এভিনিউ, মজিদ সরণী ও বিকালে ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
শফিকুল ইসলাম মধু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নগরীর বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে-যাতে তারা ১২ জুন ভোট সেন্টারে না যায়। কারণ জনগণ ভোট দিতে পারলেই নৌকা মার্কার পরাজয় ঘটবে।
ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল মঙ্গলবার সকাল থেকে নগরীর ২৩, ২৪, ২৭ নম্বর ওয়ার্ডের পিকচার প্যালেস মোড়, গল্লামারী, নিরালা, সাতরাস্তা মোড় ও ময়লাপোতা মোড় এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত খুলনা মহানগরী গড়তে ভোটারদের প্রতি হাতপাখা প্রতীকে ভোট চান।
জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির হোসেন সকালে ও বিকালে গোলাপফুল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নগরীর একটি হোটেলে মতবিনিময় করেন। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক নগরীর বিভিন্ন স্থানে টেবিল ঘড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।