
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেছেন, কোনো রকম গুজবে কান দিবেন না। গুজব প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। বিশৃঙ্খলা ও নাশকতা করলে ছাড় নেই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা উড়ন্ত বিমানের সাথে তুলনা করে তিনি বলেন, তাকে কোনো ভাবেই ঠেকানো সম্ভব নয়। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে সক্ষমতা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন। সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
মতবিনিময় সভায় জেলার সাতটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র, ৭৮টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্য, জেলা পুলিশিং কমিটির সদস্য, বিট পুলিশ, ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।