
খুলনা(১০ এপ্রিল)
খুলনা অঞ্চলে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় একজন ও কুষ্টিয়ায় একজন।
এছাড়া নতুন করে ৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য জানান।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫২ শিশু।
এ ছাড়া ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় এ পর্যন্ত মারা গেছে ৯ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৫০ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে ।
এ ছাড়া, যশোরে ৯২ শিশু, খুলনায় ৭৮, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১২, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫২, মেহেরপুরে ৩০, নড়াইলে ২৩ এবং সাতক্ষীরায় ৫২ জন চিকিৎসাধীন রয়েছে।