
ডেস্ক রিপোর্ট : রমজান মাস উপলক্ষে বাজার মূল্য পর্যবেক্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা হয়রানি রোধে খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র্যাব।
অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং বয়রা বাজারে অবৈধভাবে মজুদকৃত টিসিবি পণ্য উদ্ধার করে একটি গোডাউন সিলগালা করা হয়।
গতকাল মঙ্গলবার এ অভিযানে নগরীর বয়রা বাজারের আবুল কালাম স্টোরের গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা ও ১০৮ লিটার ভোজ্য তেল ছিল।
অভিযানকালে খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং র্যাব-৬ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু, র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম, বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন, বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।