
জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। খুলনা জেলায় তিন লাখ ৫৮ হাজার চার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয। সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।
সভাপতি তার বক্তৃতায় বলেন, এই ক্যাম্পেইনে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বার্তা প্রচার করা হবে। জন্মের পরপর একঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬মাস শুধুমাত্র মায়ের দুধ, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমানমত সুষম খাবার খাওয়াতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিষয়ের যে কোন কাজ স্বাস্থ্য বিভাগরে দায়িত্ব হলেও এটি বাস্তবায়নের দায়িত্ব সবার। এ ক্ষেত্রে প্রত্যেক বিভাগকে নিজ নিজ দায়িত্বের অংশ হিসেবে ভূমিকা রাখতে হবে। এই ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পরে সে জন্য সকলের দৃষ্টি রাখতে হবে। সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে। খুলনা সিটি কর্পোরেশন, নয়টি উপজেলা এবং দুইটি পৌরসভায় মোট তিন লাখ ৫৮ হাজার চার জন শিশুকে এ কার্যক্রমের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।