খুলনা (২৬ ফেব্রুয়ারি)
খুলনায় দিনে দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়িকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুর ৩ টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ি খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন।
দুপুর ৩ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক ৪-৫ রাউন্ড গুলি করতে থাকে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। পরে ওই দু’যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ি। ঘটনাস্থলেই তিনি মারা যান।
জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে বলে ওসি জানান।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত