
খুলনা (০১ এপ্রিল)
খুলনা জেলার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ২৪৬৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
র্যাব প্রেস রিলিজ এর মাধ্যমে জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন ইলাইপুর এলাকার সাউদার্ন ফুডস লিমিটেডের সামনে রূপসা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২৪৬৫ পিস ইয়াবাসহ সোনিয়া (২৬) ও মোঃ বাদল মোল্লা (৪৫) নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি রূপসা উপজেলার মাছুয়াডাঙ্গা ও মিল্কি দেয়ারা এলাকায়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।