
কোস্ট গার্ডের পশ্চিম জোনের আওতাধীন তিন আসনের তিন উপজেলায় ১৬ টি ইউনিয়নের ৬৬ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোষ্ট গার্ড।
কোষ্ট গার্ড সূত্র জানায়, খুলনা-১ আসনের দাকোপ, খুলনা-৬ আসনের কয়রা এবং পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনি এলাকাসমূহে ১৬ টি ইউনিয়নের ৬৬ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আজ শনিবার সকালে এই কর্মকর্তা আরো জানান, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
সিয়াম-উল-হক বলেন, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্ন্তবর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

