খুলনা (১২ এপ্রিল)
খুলনা র্যাব ৬ সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ আভিযানিক দল।
রোববার (১২ এপ্রিল) জেলার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দেবহাটা থানার একটি এলাকায় পরিচালিত অভিযানে “লাকী স্টোর” নামের একটি প্রতিষ্ঠানে মুদি দোকানের লাইসেন্স ব্যবহার করে নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ রাখা হয়।
সেখানে ৩৪ ড্রাম (প্রতিটিতে ২০০ লিটার) সরিষা ও রাইস ব্র্যান অয়েল অবৈধভাবে সংরক্ষণ করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কালিগঞ্জ থানাধীন মৌতলা এলাকায় আরেকটি অভিযানে ফেরদৌস মোড়ল (৫৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার সদস্যদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত