
জন্মভূমি ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির জোট জি-২০ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের মধ্যে তৃতীয় বারের মতো বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। সেই বৈঠকে বন্ধুপ্রতিম দেশটি আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সংশ্লিষ্টদের। আগামী ১৭-১৮ জুলাই দুদিনব্যাপী গুজরাটে গান্ধীনগরে এবারের বৈঠক হতে যাচ্ছে। আমন্ত্রিত অতিথি হিসেবে সাইড লাইনের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, আর্থিক ও প্রযুক্তিখাতে সহায়তা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তার মতো সাতটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন অর্থমন্ত্রী। শনিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জানা গেছে, জি-২০ (গ্রুপ অব টুয়েন্টি) অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের তৃতীয় এই বৈঠকে বিশ্ব মন্দা মোকাবিলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে, সেই বিষয়টিও তুলে ধরা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। সারাবিশ্ব থেকে ৫২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এবারের বৈঠকে যোগ দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এবং অর্থমন্ত্রীদের বৈঠকটি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টসূত্র।