
জন্মভূমি ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শুধু জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। এর মধ্যে কিছু কাজ যন্ত্রপাতি দিয়ে করতে হয়। আবার কিছু কাজ আছে যেমন আইটি সেক্টর, সেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। আর সে দক্ষতা অর্জন করতে পারলে আমার আয় রোজগার বাড়বে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং দেশ উন্নত হবে।’
শনিবার ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান থেকে জানতে পারলাম গত বছর আমাদের চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০ জন বিদেশে গেছেন। আমরা আশা ও বিশ্বাস করি তারা সকলেই বৈধভাবে যথাযথ কাজের ব্যবস্থা করে গেছেন এবং তারা কেউ অবৈধ অভিবাসী হননি। তারা কেউ অনিরাপদ অবস্থায় নেই। তারা সবাই নিরাপদে আছেন, এটা আমরা ভাবতে চাই।’