
জন্মভূমি ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। পূজা ও সরকারি ছুটির কারণে আট দিন কোনোপ্রকার আমদানি-রপ্তানি হবে না। তবে বন্ধের সময়েও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (২৭ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক থাকবে চার দেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার কার্যক্রম।
স্থরবন্দর সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে পূজার আগে-পরে দুই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন আমদানি-রপ্তানি হবে না। বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের একমাত্র চর্তুদেশীয় এই বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভূটানের পন্য আনা নেওয়া হয়ে থাকে। ২৮ অক্টোবর শনিবার আবারও সচল হবে বন্দরটি।
স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথসভায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তবে সপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত আরও দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

