
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় আব্দুল হালিম শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময়ে তার বাড়ি নির্মাণের জন্য ১০/১২ পিলার (কলাম) ভাংচুর ও ৪ হাত উঁচু পাঁচিল গুড়িয়ে দেয়।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর (শেখপাড়া) গ্রামের নহর আলী শেখের ছেলে আব্দুল হালিম শেখ তার জমিতে বাড়ি নির্মাণের জন্য গত মঙ্গলবার সকালে ১০/১২টি পিলার তোলে। এসময় কাজ চলমান অবস্থায় প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল লতিফ শেখ, নাইম শেখ, লাবু শেখ, আতিয়ার শেখ, অলিয়ার শেখ, হাবিবুর শেখ, মাহাবুর শেখ, ইকবাল শেখ, আকবর শেখসহ প্রায় শতাধিক ব্যক্তি গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা দা দিয়ে আব্দুল হালিম শেখের মাথা ও পায়ের গোড়ালিতে কোপ দিয়ে তাকে গুরুতর জখম করে এবং প্রায় ১ ঘন্টা তান্ডবলীলা চালিয়ে ১০/১২টি পিলার ও সদ্য করা ৪ হাত উঁচু পাঁচিল গুড়িয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর জখম অবস্থায় আব্দুল হালিম শেখকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথা ও পা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় অবস্থার অবনতি হলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।