
তালা প্রতিনিধি : তালা উপজেলায় দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পৃথকভাবে দাফন সম্পন্ন হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস ও প্রবীণ সমাজসেবক মকছেদ আলী সরদারের। মৃত্যুকালে ফিরোজ বিশ্বাস স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জাতপুর গ্রামের মৃতঃ মোকাম আলী বিশ্বাসের ছেলে কাপড় ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে রাস্তার মধ্যে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাদ আসর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। অন্যদিকে, তালার বারুইহাটি গ্রামের প্রবীণ সমাজসেবক মকছেদ আলী সরদার (৯০) গত বুধবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত