
তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামে এক বাকপ্রতিবন্ধী (৩০) এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ নারীর পিতা বাদি হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করে। একই গ্রামের মৃত মফেজ শেখের পুত্র আফসার শেখ (৪০) ও মৃত ইমান আলী শেখের পুত্র মুক্তার সরদার (৩০) উক্ত ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী ঐ নারী দরিদ্র পিতার সংসারে ভিক্ষাবৃত্তি করে অতিকষ্টে জীবন যাপন করে। প্রায় দু’সপ্তাহ আগে রাত ৮ টার দিকে ভিক্ষা করে কেশবপুরের ভান্ডারখোলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ফাঁকা বিলের মধ্যে একা পেয়ে আসামীদ্বয় পথ আটকিয়ে তাকে জোরপূর্বক ধরে পাটক্ষেতের মধ্যনিয়ে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় এলাকার ভ্যান চালক শফিকুল ইসলাম বিষয়টি দেখতে পায়। ঐ নারী ও ভ্যান চালকের ডাকচিৎকারে এলাকার লোক ছুটে আসলে আসামীরা ফেলে রেখে পালিয়ে যায়। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ তাদের নিয়ে শালিসী বৈঠক করে মিমাংশার চেষ্টা করে। এতে মেয়ে পক্ষ রাজি না হয়ে তালা থানায় লিখিত অভিযোগ করেন। এরআগেও নানাবিধ অভিযোগ রয়েছে এই আফসার শেখের বিরুদ্ধে।
এলাকার নাম প্রকাশে না করার শর্তে অনেকেই বলেন, আফসার শেখ তার প্রথম স্ত্রীকে হত্যা করেছিল। দ্বিতীয় স্ত্রীর ভাই কে সে হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে মাথায় কোপ দিয়ে ছিলো। সেই থেকে সে এলাকায় কুরুল আফসার নামে পরিচিতি পায়।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে আসলে আমরা সাথে সাথে এলাকায় খোঁজ খবর নেয়া শুরু করি। অপরাধীরা যাহাতে সহজে পার পেতে না পারে সে ব্যাপারে ভিকটিমের সহযোগিতা করবে নাগরিক কমিটি।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজউল করিম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। শীঘ্রই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।