
তালা প্রতিনিধি : তালায় বহুল আলোচিত লুৎফর নিকারী হত্যা মামলা থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দীন দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে পুলিশ রিপোর্ট গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে বদলী করেন তিনি। বিজ্ঞ আদালতে সরদার মশিয়ার রহমানের পক্ষে শুনানি করেন এ্যাড. এসএম হায়দার, এ্যাড. মুস্তাফিজুর রহমান জগলু ও এ্যাড. মুনিরউদ্দীন।
এ্যাড. এসএম হায়দার জানান, সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ তদন্তে সঠিক প্রমাণ হয়নি। এ কারণে তাকে আদালত অব্যাহতি দিয়েছে।
সরদার মশিয়ার রহমান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ আগস্ট উপজেলার নলবুনিয়া বিলের সরদার মশিয়ার রহমানের মাছের ঘেরে পাশে রাতে লুৎফর নিকারী স্ট্রোকে মারা যান। পরে এই ঘটনা ভিন্নখাতে নিতে একটি প্রভাবশালী মহল সরদার মশিয়ার রহমানকে প্রধান করে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। প্রথমে পুলিশ সরদার মশিয়ার রহমানকে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন। কিন্তু বাদী আদালতে নারাজি দেওয়ায় মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করে আদালত। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি মামলা থেকে সরদার মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত (চার্জশিট) প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে সরদার মশিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে মামলাটি বিচারিক আদালতে প্রেরণ করেছেন।