
তালা প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকন্যা নিশিতা মন্ডল (৬) কে হামলা করে আহত করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তিনি উপজেলার মাগুরা আইডিয়াল মহিলা কলেজের শিক্ষক ও মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। এছাড়া তিনি তালা উপজেলার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর-গাছা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার ভর্তি হয়েছেন। ছিনতাইকারী ঐ যুবক খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২) বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক। এদিকে এলাকাবাসী ঐ ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে। ভুক্তভোগী কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল জানান, ‘সকালে মেয়ের পাসপোর্ট তৈরি সংক্রান্ত কাজে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে আমার মোটর সাইকেল গতিরোধ করার চেষ্টা করে সজীব সরদার নামের যুবক। এ সময় পরিস্থিতি খারাপ বুঝে আমার মোটর সাইকেলের গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি। সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে আমার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় জোরালো আঘাত করে। এসময় আমি গাড়ির গতি কমালে কৃষ্ণনগর-গাছা ব্রীজ সংলগ্ন স্থানে গিয়ে সজীব আমাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে সে আমার বুকের উপর লাথি মারে এবং আমাকে তল্লাসী চালিয়ে কাছে থাকে ১ হাজার টাকা নিয়ে নেয়। এসময় সজীব আমাকে বলে, আমরা এখন ক্ষমতায়, তোকে বহুদিন ধরে খুঁজছি, আমাকে সময়মতো টাকা না দিলে তোকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’
এ সময় তিনি আরও বলেন, সজীব নামের ওই যুবক এলাকায় নেশাগ্রস্থ হিসেবে পরিচিত। এর আগেও নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। সে কোন দলের রাজনীতির যুক্ত আছে কিনা সেটি তার জানা নেই। তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । খোঁজ নিয়ে জানা গেছে তাদের উপর আক্রমণ করা ঐ যুবক এলাকায় নেশাগ্রস্থ হিসেবে চিহ্নিত। তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত