
দাকোপ প্রতিনিধি : দাকোপের লক্ষিখোলা এলাকায় জামায়াত নেতার হামলায় হাতপাখার নারী কর্মি আহত হয়ে হাসপাতালে। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি পরিকল্পিত এমন দাবী করেছেন অভিযুক্ত জামায়াতনেতা। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা যায় মঙ্গলবার বেলা ১১ টার দিকে দাকোপের পানখালী ইউনিয়নের লক্ষিখোলা গ্রামে হাতাপাখার সমর্থনে গনসংযোগে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের একদল নারী সদস্য। গনসংযোগের এক পর্যায়ে তারা ইসলামী আন্দোলন থেকে সদ্য জামায়াতে যোগদানকারী নেতা মাওলানা ইলিয়াছের বাড়ীতে যান। এ সময় দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মাওলানা ইলিয়াছের নেতৃত্বে বাড়ীর নারী পুরুষ সদস্যরা মিলে তাদের কাছ থেকে হাতপাখার লিপলেট ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলার পাশাপাশি গনসংযোগে যাওয়া নারী কর্মিদের হেনস্থা ও মারপিট করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় আহত ইসলামী আন্দোলনের নারী কর্মি রোজিনা বেগম দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। গনসংযোগে সংগঠনের ১১ জন নারী সদস্য ছিল বলে জানা গেছে। এদিকে ঘটনা শোনার সাথে সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ হাসপাতালে জড়ো হয়। এ বিষয়ে সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বলেন আমরা এ ঘটনার আইনানুগ ব্যবস্থা দাবী করে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এবং থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করব। এ ব্যাপারে অভিযুক্ত জামায়াতনেতা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পরিবারের নারী সদস্যদের সাথে কথা কাটাকাটির বিষয়টি তারা পরিকল্পিতভাবে ভিডিও ধারন করার চেষ্টা করে। তখন আমাদের নারী সদস্যরা বাঁধা দেয়। তিনি বলেন আমি দল ত্যাগ করে জামায়াতে যোগ দেওয়ায় এটা আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

